সিটি করপোরেশন নির্বাচন আর মাত্র ১০ দিন ঢাকা
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে রাজনৈতিক বললেন সাঈদ খোকন

রাজধানীর জুরাইনের চিশতি মসজিদের সামনে পথসভার মাধ্যমে গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। এরপর তিনি সায়েদাবাদ, যাত্রাবাড়ী এলাকায় জনসংযোগ করেন। তিনি তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে রাজনৈতিক বলে উল্লেখ করেন।
সাঈদ খোকন চিশতি মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি হেঁটে জুরাইন রেলগেট পর্যন্ত জনসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
চিশতি মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে সাঈদ খোকন আবারও তাঁর বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মো. হানিফের কথা উল্লেখ করে ভোটারদের কাছে ভোট চান। তিনি বলেন, ঢাকার উন্নয়ন তিনিই করতে পারবেন।
সাঈদ খোকন এলাকার দোকানদার, পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁর নির্বাচনী প্রতীক ইলিশ মাছে ভোট চান।
জুরাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। তাঁর বিরুদ্ধে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে রাজনৈতিক বলে উল্লেখ করেন তিনি। সাঈদ খোকন বলেন, এগুলো বলার জন্য বলা। এর কোনো গুরুত্ব নেই।