আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৫ মেয়র প্রার্থীকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার সুজানগর ও রাজশাহীর তাহেরপুর পৌরসভার পাঁচ মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ নোটিশ পেয়েছেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যানও। তাঁর বিরুদ্ধে সরকারি গাড়ি নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এদিকে রাজশাহীর পুঠিয়ায় দেয়ালে ও যানবাহনে পোস্টার সাঁটানোর দায়ে বিএনপির মেয়র প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন গত সোমবার রাতে ওই নোটিশ দেন। নোটিশ পাওয়া তিন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আবদুল ওহাব ও তোফাজ্জল হোসেন পরস্পরের সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী আজম আলী বিশ্বাস বহু লোক নিয়ে পৌর এলাকায় মহড়া দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থীদের কারণ দর্শাতে বলা হয়েছে।
রাজশাহীর বাগমারার ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এক দিনের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে প্রার্থীরা এ ধরনের অভিযোগ স্বীকার করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ওরফে সান্টু সরকারি গাড়ি নিয়ে তাহেরপুর পৌরসভায় দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। অন্য প্রার্থীদের এ-সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তবে জাকিরুল ইসলাম বলেছেন, তিনি কোনো নির্বাচনী প্রচারণায় নয়, তাহেরপুরের এক ইসলামি জলসায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন।
অপরদিকে গতকাল তাহেরপুর পৌরসভায় বিএনপির প্রার্থী আবু নঈম সামসুর রহমান ওরফে মিন্টু ও আওয়ামী লীগের আবুল কালাম আজাদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ইউএনও তরিকুল ইসলাম জানান, তাঁদের দুজনের বিরুদ্ধেই একই ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, পরস্পরের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান, পোস্টার ছেঁড়া, মিছিল ও ক্যাম্পে আলোকসজ্জা করার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আসাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যত্রতত্র পোস্টার সাঁটানোয় গতকাল সন্ধ্যায় তাঁকে এ জরিমানা করা হয়। ইউএনও মঞ্জুরুল হাসান জানান, নির্বাচন কমিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন তাঁকে এ জরিমানা করেন। এর আগে রোববার রাতে একই অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; পাবনা অফিস ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধি}