রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অর্জুন মণি চাকমা। তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এস এম চৌধুরী।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত এস এম চৌধুরী, বিএনপি-সমর্থিত অমরেন্দ্র রোয়াজা ও স্বতন্ত্র প্রার্থী অর্জুন মণি চাকমা।
অর্জুন মণি চাকমা প্রথম আলোকে বলেন, ‘এস এম চৌধুরীর সমর্থকেরা আমার কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন। সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন।’
এদিকে অর্জুন মণি চাকমার প্রধান নির্বাচনী এজেন্ট অটুট দেওয়ান গত সোমবার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুল করিমের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম চৌধুরী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এস এম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিজেদের ভরাডুবি হবে জেনে আমার বিরুদ্ধে নানা অমূলক অভিযোগ করা হচ্ছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এসব অভিযোগ করা হচ্ছে।’
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল করিম বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হবে।’