রংপুর সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও বাড়ছে।২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের দিন ধার্য রয়েছে।নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের জন্য জারি করা আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থীর সমর্থনে মিছিল করা যাবে না। সাদাকালো পোস্টার ছাড়া কোনো রঙিন ব্যানার-পোস্টার লাগানো যাবে না। কিন্তু সেই আচরণবিধি উপেক্ষা করে নগরের বিভিন্ন স্থানে প্রতিদিনই মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থনে মিছিল হচ্ছে। সন্ধ্যার পর নগরের বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থনে মিছিল হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। মেয়র পদপ্রার্থী সরফুদ্দীন আহমেদ ও ফিরোজ কবির চৌধুরীর ডিজিটাল রঙিন পোস্টার শহরের বিভিন্ন স্থানে টাঙানো রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে চারজন মেয়র ও কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে শোকজ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। চার কেন্দ্রে ইভিএম: নিজস্ব প্রতিবেদক জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ে গতকাল কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, রংপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এই চারটি কেন্দ্রে ভোটকক্ষের সংখ্যা ২৩টি এবং ভোটারের সংখ্যা সাত হাজার ৭১৩ জন।