আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাংসদ পঙ্কজের বিরুদ্ধে

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মেজবাহ উদ্দীন ফরহাদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী সাংসদ পঙ্কজ দেবনাথ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাডার বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। প্রচারণা শুরুর আগেই সাংসদ এলাকায় ভীতির সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের এলাকাছাড়া করার জন্য এসব করছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজবাহ উদ্দীন এসব অভিযোগ করেন।
মেজবাহ উদ্দীন বলেন, গত বুধবার তিনি মেহেন্দীগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যান। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে পঙ্কজ দেবনাথের নির্দেশে তাঁর ক্যাডার বাহিনী বিএনপির নেতা-কর্মীদের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে মেহেন্দীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাশেম রাঢ়িসহ কয়েকজন আহত হন। তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেজবাহ উদ্দীন অভিযোগ করেন, পঙ্কজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি পুলিশ প্রটোকল ব্যবহার করে হিজলা-মেহেন্দীগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন। নির্বাচন কমিশনের কাছে হিজলা-মেহেন্দীগঞ্জ আসনে পুলিশ প্রশাসনের রদবদলের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী বেগম সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে সাংসদ পঙ্কজ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগ অবান্তর ও অসত্য। বুধবার তিনি (মেজবাহ উদ্দীন) এলাকায় নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। টুকটাক কিছু ঘটনা ঘটতে পারে। সেটা তাঁদের দলীয় কোন্দলের কারণে হয়েছে। আর আমি আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান বলেন, বিএনপির প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বলা হয়েছে।