আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঞাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আচরণবিধি উপেক্ষা করে মিছিল করার অভিযোগে গত সোমবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের  এই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেন নির্বাচন কমিশন নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল 
ইসলাম। স্থানীয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে সোমবার সন্ধ্যায় ৪ নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ী বাইপাস এলাকায় মিছিল বের করেন। খবর পেয়ে নির্বাচন কমিশন নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক জহিরুল ইসলামকে জরিমানা করেন।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

আগামী ৬ জুলাই সোনাইমুড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৯ হাজার ৮২০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।