আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে গণসংযোগ চালানোর সময় এক মেয়র পদপ্রার্থী ও উপজেলা চেয়ারম্যানকে আটকের ঘটনায় গতকাল বুধবার তাঁদের বিক্ষুব্ধ সমর্থকেরা প্রায় দেড় ঘণ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিমের অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র পদপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।প্রত্যক্ষদর্শীরা জানান, কালাই পৌর বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আবদুর রহিম গতকাল দুপুরের দিকে মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ সরদারকে আটক করেন। এ সময় মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগের সমর্থক কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান আটকের কারণ জানতে চাইলে কালাইয়ের ইউএনও তাঁকেও গাড়িতে তুলে জয়পুরহাটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কর্মী-সমর্থকদের প্রতিরোধের মুখে তাঁদের ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়।এদিকে আটকের খবর ছড়িয়ে পড়ায় কয়েক শ বিক্ষুব্ধ কর্মী-সমর্থক তাৎক্ষণিকভাবে ইউএনওর কার্যালয় ঘেরাও করেন। তাঁরা আটক দুই নেতাকে ছেড়ে দেওয়ার ও ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে তাঁরা জয়পুরহাট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দিয়ে ইউএনওর কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এতেও পরিস্থিতি শান্ত না হলে জয়পুরহাট থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আফরিন এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধির ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দুপুর পৌনে দুইটার দিকে ইউএনওর কার্যালয় থেকে আটক মেয়র পদপ্রার্থী মামুনুর রশীদকে সঙ্গে নিয়ে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বেরিয়ে আসেন।পরে উপজেলা পরিষদসংলগ্ন বটতলা চত্বরে এক প্রতিবাদ সভায় উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোবিনুল ইসলাম বক্তব্য দেন। সভায় অভিযোগ করা হয়, এক দিন আগে অন্য একজন মেয়র পদপ্রার্থীর পক্ষে দিনভর ব্যাপক মহড়া করে প্রচারণা চালানো হলেও ইউএনও বিষয়টি আমলে নেননি; অথচ আচরণবিধি মেনে প্রচারণা চালালেও আজ অত্যুৎসাহী ইউএনও একজন নিরীহ প্রার্থীকে আটকের মাধ্যমে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন।উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘আচরণবিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছিল। ইউএনও অন্যের প্ররোচনায় মেয়র পদপ্রার্থী মামুনুর রশীদ সরদারকে আটক করে জয়পুরহাটে নিয়ে যাচ্ছিলেন। এই অন্যায় কর্মকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি তাৎক্ষণিক তাঁর গাড়িতে আমাকেও তুলে কার্যালয়ে নিয়ে আসেন।’ইউএনও মো. আবদুর রহিম বলেন, আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে ওই প্রার্থীকে আটক এবং তাঁর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সব প্রার্থীর ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।