আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হুইপের কাছে ব্যাখ্যা দাবি
পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। এ জন্য গতকাল শনিবার কমিশনের পক্ষ থেকে সরকারদলীয় এই সাংসদের (যশোর-৬) কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। কমিশন সূত্র জানিয়েছে, আবদুল ওহাবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় সরকারি ডাকবাংলো ব্যবহার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী ভাতা বিতরণের অভিযোগ উঠেছে। কমিশন এ জন্য আবদুল ওহাবকে পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপনির্বাচন কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে স্থানীয় একজন মেয়র প্রার্থী অভিযোগ করেছেন বলে জানা গেছে। পৌরসভা নির্বাচনে আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমপদমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো ব্যক্তি এই বিধি লঙ্ঘন করলে তিনি অনধিক ছয় মাসের করাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।