আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ সাংসদকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এই তিন সাংসদ হলেন বরগুনা-২ আসনের হাচানুর রহমান, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের শফিকুল ইসলাম। কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলমের সই করা এই নোটিশ গতকাল রোববার রাত নয়টার দিকে সাংসদদের ঠিকানায় পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে রাতে উপসচিব শামসুল আলম টেলিফোনে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হেলিকপ্টার নিয়ে নির্বাচনী এলাকায় যাওয়া, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত থাকা এবং নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।
পৌর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতাসহ সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংসদ ও সিটি করপোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।