আচরণবিধি লঙ্ঘনের কারণে দুই সরকারি কর্মকর্তা প্রত্যাহার
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সিআইডির পরিদর্শক মহিউদ্দিন অটল ও সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা কামাল েহাসেনকে প্রত্যাহার করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার রাতে তাঁদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ৷
রিটার্নিং কর্মকর্তাকে চিঠি: ভোট গ্রহণের দিন সাংসদ শামীম ওসমান ও লিয়াকত হোসেন নির্বাচনী এলাকায় অবস্থান করে অবাধ বিচরণ এবং সেলিম ওসমানের পক্ষে যেন প্রভাব বিস্তার করতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে৷ নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে লেখা চিঠিতে এই অনুরোধ জানান৷ সঙ্গে শামীম ওসমানের বক্তব্যের একটি অডিও সিডি সংযুক্ত করা হয়েছে৷ সেখানে শামীম ওসমান সম্প্রতি বন্দরের এক কর্মী সভায় তাঁর অনুগত ব্যক্তিদের উদ্দেশে বলেছেন, ভোটের দিন তিনি নির্বাচনী এলাকার বাইরে থেকে ২৫ হাজার লোক আনবেন৷