আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ কর্মীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে মো. সবুজ (১৮) নামের এক আওয়ামী লীগের কর্মীকে ২১ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম এ সাজা দেন। উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সবুজকে এ দণ্ড দেওয়া হয়। ওই ইউনিয়নে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহানপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কাশেম গত মঙ্গলবার ইউএনও বরাবর লিখিত অভিযোগে জানান, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর ফরাজী ও তাঁর কর্মীরা তাঁদের ওপর একের পর এক হামলা, মামলা ও লুটপাট চালিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছেন। গত মঙ্গলবার তাঁকে ও তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে। এ অভিযোগের পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়। গত বৃহস্পতিবার রাতে পুলিশের সামনে প্রতিপক্ষের এক সমর্থককে ভয়ভীতি প্রদর্শনের সময় সবুজকে আটক করে পুলিশ। চরফ্যাশন থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত সবুজকে ২১ দিনের কারাদণ্ড দেন। তাঁকে সদর জেলে পাঠানো হয়েছে।