আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের আটজন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল করিম সদর এলাকা ঘুরে দেখেন। তিনি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের সব প্রার্থীর পোস্টার সরকারি কার্যালয়ের ভবনসহ বিভিন্ন দেয়ালে সাঁটানো অবস্থায় দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধির কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
সূত্র জানায়, চেয়ারম্যান পদে তিনজন ও ভাইস চেয়ারম্যান পদের পাঁচজন প্রার্থীর কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সুমন চৌধুরী বলেন, সদরের বিভিন্ন দেয়াল ছাড়াও সরকারি কার্যালয়ের দেয়ালেও পোস্টার সাঁটানো হয়েছে। তাঁর বাসভবনের দেয়ালেও পোস্টার লাগানো হয়েছে। মঙ্গলবারের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের পোস্টার অপসারণ করতে বলা হয়েছে।
১৫ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।