আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনার বেতাগী ও চুয়াডাঙ্গার দর্শনায় চারজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং বাগেরহাটের মংলায় তিনজনকে আটক করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: গতকাল সকালে বেতাগী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের সময় শহরের খাদ্যগুদামকেন্দ্রে একজন কাউন্সিলর পদপ্রার্থীর ছবিসংবলিত প্রচারপত্রে ভোটার নম্ব্বর সরবরাহ করার অভিযোগে বেলায়েত হোসেন (২২), হূদয় (২৪) ও শাহীন (২৫) নামের তিন যুবককে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন এম কবির ওই যুবকদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।চুয়াডাঙ্গা: দর্শনা পৌরসভায় শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নেওয়ার দায়ে টোটন (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান গতকাল সকাল ১০টায় এই আদেশ দেন। আদেশের পরপরই দণ্ড পাওয়া টোটনকে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। তিনি শ্যামপুর গ্রামের মহসীন আলীর ছেলে। দর্শনার পুলিশি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, টোটন ভোট দিতে গিয়ে ব্যালট পেপার বাক্সে না ফেলে সঙ্গে নিয়ে বাইরে বের হওয়ায় পুলিশ তাঁকে আটক করে।বাগেরহাট ও মংলা: ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গতকাল মংলা পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মংলা বন্দর ডক শ্রমিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার দায়ে তাঁদের আটক করা হয়।এদিকে বুধবার গভীর রাতে বাগেরহাট সদর থানার পুলিশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাগের বাজার এলাকার রনি মিনার বাড়ি থেকে ১১ জন যুবককে আটক করেছে। অন্যদিকে একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শেখ নূরুল ইসলামের বাড়ি থেকে একজন বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে—এই আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে বলে বাগেরহাট মডেল থানার ওসি শাহিদুল ইসলাম জানিয়েছেন।