আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদণ্ড
নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁর ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা এ আদেশ দেন। দণ্ডিত আবদুর রহমান উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত।আদালত সূত্র জানায়, অভিযুক্ত আবদুর রহমান ২৪ মে নির্বাচনী আচরণবিধি ভেঙে ইউনিয়নের একটি মাঠে নির্বাচনী জনসভা করেন। জনসভা উপলক্ষে তিনি নির্বাচনী এলাকায় মাইকে প্রচারণা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী এসব কর্মকাণ্ডের ভিডিওচিত্র ধারণ করে তা ইউএনওর নজরে আনেন। ইউএনও এ বিষয়ে প্রার্থী আবদুর রহমানকে গতকাল তাঁর কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেন। গতকাল দুপুরে ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির হয়ে আবদুর রহমান দোষ স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চান। আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।