আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দিনাজপুর সদর উপজেলা পরিষদের দুজন চেয়ারম্যান ও চারজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহতেশাম রেজা আদালত পরিচালনা করেন।
ওই প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদুল ইসলাম (আনারস), বিএনপি-সমর্থিত প্রার্থী মো. মোকাররম হোসেন (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান পদে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সমর্থিত প্রার্থী মাহবুবুল হক কোরাইশী (টিয়া পাখি), আওয়ামী লীগ-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি), একই পদের বিএনপি-সমর্থিত শাহিন সুলতানা (পদ্ম ফুল) ও জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী খালেদা পারভীন (কলস)।
মাহবুবুল হক কোরাইশীকে দুই হাজার এবং অপর পাঁচজনকে তিন হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।