আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি-সমর্থিত এক মেয়র প্রার্থী আবদুুল মান্নান মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থী আবদুল মান্নান মোল্লার পক্ষে জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সাংসদ গোলাম মোস্তফা ২১ মে থেকে পৌর এলাকার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এরই ধারাবাহিকতায় ২২ মে মঙ্গলবার কামাড়গাড়ী সাখিদারপাড়ায় গণসংযোগ চালানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নির্বাচন বিধিমালা লঙ্ঘনের দায়ে আবদুল মান্নান মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আবদুল মান্নান মোল্লা বলেন, ‘সংসদ সদস্য আমার পক্ষে এককভাবে প্রচারণা চালান। তবুও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুঃখজনক।’ তিনি অভিযোগ করেন, গত সোমবার ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী খলিলুর রহমানের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এবং জেলা আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে সভা করেছেন। এটা কি আচরণবিধি লঙ্ঘন হয় না? এ বিষয়ে রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহান বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তিনি পাননি। ভ্রাম্যমাণ আদালত বিষয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেন।