আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দুটি করে মাইক ব্যবহার করায় দুটি ইউনিয়নের তিনজন চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া ও লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজার এলাকায় এই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এস এম শাহীন।
জরিমানা প্রদানকারী তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী হলেন তালমায় আওয়ামী লীগের শাহ আলম মিয়া ও স্বতন্ত্র মজিবুর রহমান (চশমা) এবং লস্করদিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ছাদেকুর রহমান (আনারস)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম এস এম শাহীন প্রথম আলোকে বলেন, ওই তিন প্রার্থী ইউপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে দুটি করে মাইক ব্যবহার করে প্রচারণা চালনোয় তাঁদের এ জরিমানা করা হয়।