আচরণবিধি লঙ্ঘনের দায়ে নয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে উপজেলা পরিষদের নির্বাচনে পাঁচ চেয়ারম্যান ও তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং জামায়াতে ইসলামীর এক নেতাকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার ও গতকাল রোববার চারটি পৃথক আদালত এ অভিযান চালান।
এদিকে বোয়ালমারী উপজেলায় একটি বাড়িতে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে শনিবার দিবাগত রাতে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালমারীতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম এম মোশাররফ হোসেন, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী এ কে এম জামালউদ্দিন ও আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান মৃধাকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট সময়ের আগে মাইকে প্রচার চালানোর দায়ে জেলার নির্বাহী হাকিম এস এম মাহফুজুর রহমান শনিবার দুপুরে এ জরিমানা করেন।
একই দিন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ আকরাম হোসেন আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সর্দারকে সাত হাজার টাকা, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামানকে ছয় হাজার টাকা ও আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান ও সালমা বেগমকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
গতকাল দুপুর ১২টার দিকে বোয়ালমারী সদরের ওয়াপদার মোড় এলাকায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম মাহমুদকে (৪৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি দলীয়-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম ওয়ালিউর রহমানের পক্ষে নির্ধারিত সময়ের আগে মাইকে প্রচারণা চালান।
বোয়ালমারীতে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতারা হলেন পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আঁধারকোঠা মহল্লার রফিক বিশ্বাস (৩৮) ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কলারন মহল্লার মো. লিয়াকত হোসেন (৩৫)।
গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলা সদরের ডাকবাংলো সড়কে বিএনপির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান প্রার্থী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার নিবেদিতপ্রাণ কর্মীদের হয়রানি করতে ও নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতেই কথিত চুরির দুজনকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
ওই চুরির মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘তিন মাস আগে একটি বাড়িতে চুরির ঘটনার মামলায় সন্দেহজনক আসামি হিসেবে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বিএনপির নেতা কি না জানি না, তবে তাঁদের ডাকাতিসহ চুরিচোট্টামির অভ্যাস আছে।’