আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীর জরিমানা
পৌর নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থী ও এক সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই কারণে গত মঙ্গলবার নোয়াখালীর চাটখিলে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, সীতাকুণ্ড উত্তর বাজার এলাকায় গতকাল আনোয়ার হোসেন নামে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলমের এক সমর্থক রঙিন কাপড় দিয়ে দুটি নৌকা বানিয়ে তাতে বিভিন্ন রঙের আলোকসজ্জা করেন। এরপর সেটি দোকানের ওপর সুতা দিয়ে টানান। বিষয়টি দেখে তিনি আনোয়াকে হাতনাতে ধরেন। পরে পুলিশ তাঁকে (আনোয়ার) আটক করে সীতাকুণ্ড থানায় নিয়ে আসে। তাঁকে ছাড়িয়ে নিতে বদিউল আলম নিজেই থানায় হাজির হন। এরপর আনোয়ারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় বদিউল আলমের প্রচার গাড়িতে দুটি মাইক দেখে তাঁকেও তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মাহবুব আলম বলেন, একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালানোয় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সিরাজ-উদ-দৌলী ছুট্টু ও জাতীয় পার্টির প্রার্থী নুরুন নবী ভূইয়াকেও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নোয়াখালীর চাটখিলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহ আলম ও সামছুল আলম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচার গাড়িতে দুটি মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছিলেন। রাতে বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি দুটি আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দুই প্রার্থীকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবরাউর হাসান মজুমদার। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁরা সর্বাত্মক চেষ্টা করছেন।