আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর স্বামী, সমর্থককে জরিমানা
সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীর স্বামী ও আরেক কাউন্সিলর প্রার্থীর সমর্থককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হলেন, পৌরসভার চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত পদে কাউন্সিলর প্রার্থী কুলসুমা বেগমের স্বামী আবুল কালাম খান এবং সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়ার সমর্থক পলাশ দাস।
আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান এ জরিমানা করেন।
শেখ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কাউন্সিলর প্রার্থী কুলসুমার পক্ষে আজ পৌরসভা এলাকায় রিকশাযোগে মাইকে প্রচার চালানো হচ্ছিল। তখন রিকশায় ছিলেন প্রার্থীর স্বামী আবুল কালাম। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়ার নির্বাচনী কার্যালয়ের দেয়ালে পোস্টার সাঁটানো ছিল। আদালত তথ্য প্রমাণ পান, লায়েক মিয়ার সমর্থক পলাশ দাস ওই পোস্টারগুলো সাঁটিয়েছেন এবং তিনি ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন। দোষ স্বীকার করার পর তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।