আচরণবিধি লঙ্ঘনের দায়ে মহিউদ্দিনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে নোটিশ দিয়েছেন। নোটিশে নগরের নাসিরাবাদে মহিউদ্দিনের নামে সাঁটানো রঙিন পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়। নোটিশটি মহিউদ্দিনের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।জানা গেছে, রাবেয়া শিকদার নামের এক মহিলা মহিউদ্দিনকে যোগ্য প্রার্থী দাবি করে আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে কিছু পোস্টার লাগান। কয়েকটি পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তা পোস্টার অপসারণ করতে মহিউদ্দিনকে নোটিশ দেন।সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, প্রচারণা শুরুর আগে নিজে সরাসরি না করলেও প্রার্থীর পক্ষে অন্য যে কেউ পোস্টার ছাপিয়ে ভোট চাইলে সেটাও নির্বাচনী বিধিমালার লঙ্ঘন।প্রসঙ্গত, এর আগে নির্বাচনী তফসিল ঘোষণার পরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় মহিউদ্দিনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়।এদিকে গতকাল ২৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধেও প্রচারপত্র বিতরণের অভিযোগ পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাঁরা হলেন মো. সালাহউদ্দিন ও সালেহ আহম্মদ। বিষয়টি তদন্ত করছে নির্বাচন কমিশন।আরও তিন ওয়ার্ডে কমিটি: নির্বাচন পরিচালনার জন্য মহিউদ্দিন গতকাল রাতে আরও তিনটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করেছেন। নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে এসব কমিটি গঠন করা হয়। এর আগে তিনি চশমা হিলের বাসায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।সূত্র জানায়, গতকাল বিকেলে পশ্চিম বাকলিয়া গনি কলোনির মাঠে সভা করেন মহিউদ্দিন চৌধুরী। পরে আলকরণ ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন উপলক্ষে আরেকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে যান সরাইপাড়া ওয়ার্ডে।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘরোয়া বৈঠক করছি। এটা অনেকটা দোয়া মাহফিলের মতোই। এসব কাজে তো কোনো নিষেধাজ্ঞা নেই।’আওয়ামী লীগের নেতারা বলেন, তিন ওয়ার্ডের অনুষ্ঠানে জনগণ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। জবাবে মহিউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশনের নিষেধ আছে, তাই কোনো প্রতিশ্রুতি দেব না। তবে নির্বাচিত হলে আপনাদের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’