আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাত প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে গতকাল শনিবার চার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন নবীনগর উপজেলায় তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
বাঞ্ছারামপুরে গতকাল শনিবার বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মামুন সরদার আদালত পরিচালনা করেন। মিছিল করার দায়ে ছলিমাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মজিবুর রহমানকে ও অতিরিক্ত ক্যাম্প করায় ফরদাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুস ছাত্তারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ফরদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কমল ঘোষ ও একই ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রোকেয়া বেগমকে দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
নবীনগরে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে তিন প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা দুইটার দিকে উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ওয়ালীউল হাছান এ আদালত পরিচালনা করেন। এতে রসুল্লাবাদ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন, একই ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছালেহা খাতুন ও বীরগাঁও ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী কামরুন্নাহারসহ প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালীউল হাছান বলেন, অতিরিক্ত ও অসময়ে মাইকিং করায় দুজনকে এবং প্রতীক দিয়ে গেঞ্জি তৈরি করায় একজনকে জরিমানা করা হয়।