আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাভারে নয় প্রার্থীর অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকার সাভারে আরও নয় প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানোর অভিযোগে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের এ অর্থদণ্ড করা হয়। ২৯ জুন এ ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাজাহান মিয়াকে সঙ্গে নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে আদালত বাড়িঘর ও দোকানের দেয়ালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার এবং স্টিকার দেখতে পান। যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই আচরণবিধি লঙ্ঘনের দায়ে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থদণ্ডে দণ্ডিত করেন।সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, আদালত প্রতিদ্বন্দ্বী তিন চেয়ারম্যান পদপ্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা এবং ছয় সদস্য পদপ্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।