আচরণবিধির ব্যাপারে ১ শতাংশও ছাড় নয়
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেছেন, ‘রিটার্নিং কর্মকর্তা হিসেবে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কোনো প্রার্থীকে ১ শতাংশও ছাড় দেব না। প্রার্থী ও প্রার্থীর সঙ্গে যাঁরা আছেন, তাঁরা দয়া করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলবেন।’
আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। এ কার্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, উত্তর সিটি করপোরেশন এলাকায় আজ বিকাল সাড়ে চারটা পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন। কাউন্সিলর পদে সংরক্ষিত নারী আসনে ১১৮ জন এবং সাধারণ আসনে ৫৭০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বলেন, প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্যকরা যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের নির্দেশনাসহ যা যা প্রয়োজন, তা বলে দেওয়া হচ্ছে। যে সব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নজরে এসেছে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। আজকে সকাল পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় আজ দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার আলম এবং মোরারজী দেশাই বর্মণ।