আচরণবিধি লঙ্ঘনের মামলায় শাহীন চাকলাদারের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীন চাকলাদার।
শাহীন চাকলাদার।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশের করা মামলায় জামিন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।
আজ রোববার দুপুরে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাজাহান আলী এ আদেশ দেন।
নির্বাচন কমিশনের নির্দেশে গত ৩১ মার্চ যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকাদ্দেস আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শাহীন চাকলাদারসহ মোট তিনজনকে আসামি করা হয়। অন্য দুজন হলেন, আরবপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম এবং দেয়াড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান।
শাহীন চাকলাদারের আইনজীবী মাহবুব সরদার ও সোহেল শামীম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, শাহীন চাকলাদার আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এদিকে জামিন পেয়ে যশোর প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে শাহীন চাকলাদার বলেন, ‘এই মামলা ষড়যন্ত্রমূলক। বিএনপির কোনো প্রার্থীকে হুমকিধমকি দেওয়া হয়নি। তাঁরা পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করে এ মামলা দেওয়া হয়েছে।’
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীরা সরে দাঁড়ালে যশোর সদর উপজেলার আরবপুরে শাহারুল ইসলাম এবং দেয়াড়ায় আনিচুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁরা দুজন শাহীন চাকলাদারের লোক হিসেবে পরিচিত।