ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। সমর্থকেরা দেয়ালে পোস্টার লাগিয়েছেন এবং কিছু অতি উৎসাহী সমর্থক নিজের ছবির সঙ্গে প্রার্থীর ছবি ও প্রতীক ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেছেন। আবার ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য বিধি লঙ্ঘন করে প্রতীকের বড় মাপের প্রতিকৃতিও স্থাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের আলীপুর, গোয়ালচামট এলাকা, ভাঙ্গা রাস্তা ও রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সরেজমিনে ঘুরে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর এসব চিত্র দেখা গেছে। যেসব প্রার্থী এভাবে প্রচারণা চালাচ্ছেন তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার মোহতেশাম হোসেন (আনারস), ‘বিদ্রোহী’ প্রার্থী ঝরনা হাসান (কাপ-পিরিচ), বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এ এইচ এম মাহবুবুল হাসান (টেলিফোন) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম দস্তগীর (দোয়াত-কলম)।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণায় প্রার্থীর ছবি ব্যতীত অন্য কারও ছবি ও নাম ব্যবহার করা যাবে না। কিন্তু শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের গোল চত্বরে ২৮টি বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে। এসব বিলবোর্ডে সাজ্জাদ হোসেন নামের এক সমর্থক নিজের ছবি দিয়ে আনারস প্রতীকের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে সাজ্জাদ বিলবোর্ড স্থাপন করে আনারসের পক্ষে ভোট চেয়েছেন। এ মোড়ের তিনটি জায়গায় শ্রমিকনেতা গোলাম নাসির নিজের ছবি দিয়ে বিলবোর্ড স্থাপন করেছেন ১৫টি। সেখানে আনারসের পক্ষে ভোট চাওয়া হয়েছে। এ ছাড়া হেলিপোর্ট বাজার এলাকায় শেখ জাফর ও হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জামাল মৃধা নিজেদের ছবি বিলবোর্ডে দিয়ে আনারসের পক্ষে ভোট চেয়েছেন।
ভাঙ্গা রাস্তার মোড়ে সড়ক দ্বীপের ওপর বাঁশ ও কাপড়ের তৈরি আনুমানিক ১৫ ফুট উচ্চতার আনারস প্রতীকের একটি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। মাহবুবুল আলমের পক্ষে যুবদলের খোরশেদ নিজের ছবি বিলবোর্ডে দিয়ে টেলিফোন প্রতীকে ভোট চেয়েছেন। ৫৮টি সত্যিকারের আনারস দড়ির সঙ্গে ঝুলিয়ে গেটের আকৃতি করা হয়েছে মুজিব সড়ক ও গোয়ালচামট এক নম্বর সড়কের সংযোগ মোড়ে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দেয়ালে পোস্টার সাঁটানো যাবে না। কিন্তু ঝরনা হাসানের পোস্টার আলীপুর-বাদামতলী সেতুর দুই পাশের রেলিং, কবি জসীমউদ্দীন সড়কের সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা উচ্চবিদ্যালয়, উদয়ন ক্লাবের মোড় ও আলীপুরে তাঁর নিজ বাড়ির মোড়ে সাঁটানো হয়েছে।
গোয়ালচামট পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট ও আলীপুর মহল্লার একটি বাড়ির সামনে দেয়ালে সাঁটানো অবস্থায় দেখা গেছে গোলাম দস্তগীরের পোস্টার।
খন্দকার মোহতেশাম হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট মোকাররম মিয়া বলেন, ব্যানার ও প্রতীকের আকৃতিতে কোনো সমস্যা নেই। তবে কিছু ব্যানারে অতি উৎসাহী ব্যক্তিরা নিজেদের ছবি ছাপিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এগুলো অতিসত্বর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
ঝরনা হাসানের প্রস্তাবকারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে দেয়ালে পোস্টার লাগানো আমাদের ট্রেডিশন। এ জন্য কর্মীরা না জেনে কাজটি করে ফেলেছে। আমরা এ ব্যাপারে সতর্ক থাকব এবং পোস্টারগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।’
মাহবুবুল আলম বলেন, ‘কিছু সমর্থক আমাকে না জানিয়ে এই কাজ করেছেন। আমি ওইগুলো সরিয়ে ফেলার উদ্যোগ নেব।’ গোলাম দস্তগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন বলেন, কাউকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে দেওয়া হবে না। আগামীকাল রোববার নির্বাচনী মনিটরিং সেল প্রার্থীদের নিয়ে সভা করবে। ওই সভার পর এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।