আচরণবিধি লঙ্ঘনের হিড়িক প্রার্থীরা গুনছেন জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে চলছেন প্রার্থীরা। কেউ ব্যস্ত সড়কে পথসভা ও একাধিক মাইক ব্যবহার করছেন, কেউবা দেয়ালে পোস্টার সাঁটাচ্ছেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে অনেক প্রার্থীকে জরিমানাও করছেন ভ্রাম্যমাণ আদালত।
সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা গেছে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার বিভিন্ন এলাকার বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, অফিস-আদালতের দেয়ালে লাগানো হয়েছে।
নিয়ম না থাকলেও বেলা দুইটার আগেই প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকেরা দলবদ্ধভাবে যানবাহন নিয়ে ভোট চাইছেন। এ ছাড়া প্রচারণা ও পথসভার কাজে ব্যবহার হচ্ছে একাধিক মাইক। পৌর শহরের ব্যস্ততম কলেজবাজারে হাসপাতালের সামনের সড়কে প্রার্থীরা পথসভা করছেন। এতে সড়কে যানবাহন ও লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে এক প্রার্থীর পক্ষে নারীরা মিছিল নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনওকে মুঠোফোনে জানানো হয়।
নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন সড়কে প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করতে পারবেন না। এতে কোনো মঞ্চ তৈরিরও নিয়ম নেই।
শুক্রবার রাতে আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক এস বি সাত্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আতিক এস বি সাত্তার জানান, রাত আটটার পর নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন আরাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।