আচরণবিধি শিথিল চান কামরান, আরিফ চান সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ‘কিছুটা শিথিল’ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। অন্যদিকে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ভোটের দিন বিজিবি ও র‌্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। সিলেটসহ দেশের চার সিটি করপোরেশনে নির্বাচন ১৫ জুন।

নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ও ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন গতকাল সোমবার সকালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে। সেখানে প্রধান দুই মেয়র পদপ্রার্থী তাঁদের এই বক্তব্য তুলে ধরেন। সভায় প্রার্থীদের সমর্থকেরাও অংশ নেন।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী ছাড়াও সিটি নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) স্কোয়াড্রন লিডার ফজলে শাহীন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বক্তব্য দেন। সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন।

সভায় কামরান তাঁর নির্বাচনী কার্যালয় প্রসঙ্গে বলেন, ‘আচরণবিধি অনুসারে ছয় থানায় মাত্র ছয়টি নির্বাচনী ক্যাম্প করা যাবে। কিন্তু সিলেট সিটি করপোরেশনের ছয়টি থানার কিছু অবস্থান নগরের বাইরে। তাহলে আমাদের ক্যাম্প কোথায় হবে?’ তিনি বলেন, ‘এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমার পরামর্শ, আপনারা বরং ২৭টি ওয়ার্ড নিয়ে অঞ্চল গঠন করে তিনটি ওয়ার্ড নিয়ে একটি করে ক্যাম্প করার সুযোগ দিন।’

কামরানের এ রকম পরামর্শ নির্বাচনী আচরণবিধি না মানার মানসিকতা উল্লেখ করে আরিফুল হক বলেন, আচরণবিধি মানাতে নির্বাচন কমিশনকে আরও সজাগ থাকতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আচরণবিধি মানাতে বাধ্য করতে হবে। এখানে উল্টো পরামর্শ দেওয়াও একধরনের ঔদ্ধত্য। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভোটের দিন বিজিবি-র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানান।

সভা শেষে আরিফুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরান যেভাবে প্রকাশ্যে অস্ত্রবাজদের নিয়ে প্রচারণায় নেমেছেন, তাতে ভোটাররা শঙ্কিত। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কায় র‌্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনা মোতায়েনের দাবি করেছি আমি।’

হট্টগোল: স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ছালাহউদ্দিন মতবিনিময় সভায় সরাসরি ভোটপ্রার্থনা শুরু করেন। তিনি বলেন, ‘আমাকে ভোট দিন, আমি মাদকমুক্ত নগর গড়ব...।’ তাঁর বক্তব্য শুনে মিলনায়তনে উপস্থিত কাউন্সিলরসহ বিভিন্ন প্রার্থীদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সময় ছালাহউদ্দিন পাল্টা ক্ষোভ দেখান। তখন কয়েকজন সমর্থক মঞ্চে গিয়ে বক্তৃতারত অবস্থায় ছালাহউদ্দিনকে টেনে নামিয়ে দেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাশেদুল ইসলাম জানান, মতবিনিময় সভার বিষয়বস্তু না বুঝে ভোট চাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।