আচরণবিধির কাজ বন্ধ করে পকেটে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষ ছবি: প্রথম আলো
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষ ছবি: প্রথম আলো

নির্বাচনী আচরণবিধির কাজ আপাতত বন্ধ রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য কাজ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এই আহ্বান জানান। তিনি বলেন, ‘দয়া করে আরপিও সংশোধন, আচরণবিধি করে জনগণকে বিভ্রান্ত করবেন না। এ সরকারের অধীনে নির্বাচনে গেলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। আচরণবিধি করা আপাতত বন্ধ করে পকেটে রাখেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য কাজ করুন।’
হরতাল চলাকালে ‘হত্যা, হামলা, মামলার’ প্রতিবাদে গতকাল ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সমাবেশ থেকে হরতালে আটক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাল শনিবার সারা দেশে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
টেলিফোনে দুই নেত্রীর কথোপকথন ফাঁসের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটি সম্পূর্ণ বেআইনি, অপরাধমূলক কাজ।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ইনু যে বক্তব্য দিয়েছেন, তা ঔদ্ধত্যের শামিল। খালেদা জিয়া যে সত্যিকারের নেতা, তা টেলিফোন আলাপে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, বর্তমান সংবিধান পাড়া-মহল্লার ক্লাবের গঠনতন্ত্রের চেয়েও নিকৃষ্ট।
জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার সংলাপের নাটক শুরু করেছে। দাওয়াতের ফাঁদে পড়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান প্রমুখ।
আরপিও সংশোধন রাজনীতিকে ধ্বংস করবে: গতকাল জাতীয় প্রেসক্লাবে সদ্যপ্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় বক্তৃতাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিরোধিতা করেন।
মওদুদ বলেন, নির্বাচন কমিশন অথর্ব, অদক্ষ, পদলেহী ও সরকারের এজেন্ট। সরকারের কথায় আরপিও সংশোধনের নামে রাজনীতিকে ধ্বংস করছে। ফলে রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকবে না। যাঁরা নির্বাচনের আগে প্রচুর টাকা নিয়ে দলে আসবেন, তাঁরাই মনোনয়ন পাবেন।
‘বিএনপি সহযোগী সংগঠন ঐক্য পরিষদ’ আয়োজিত এ স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, আয়োজন সংগঠনের সভাপতি মো. হানিফ প্রমুখ।