আচরণবিধির গেজেট হলেই তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন এখন নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় আছে। গেজেট প্রকাশের পরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয় আচরণবিধি যাচাই-বাছাই করে গতকাল নির্বাচন কমিশনে পাঠিয়েছে। মন্ত্রণালয় বিধিতে ‘নির্বাচনপূর্ব সময়’ শব্দ দুটির পরিবর্তে ‘নির্বাচনকালীন সময়’ ব্যবহারের সুপারিশ করেছে।  বিকেলে কমিশনের বৈঠকে মন্ত্রণালয়ের এই সুপারিশ অনুমোদন করা হয়। রোববার আইন মন্ত্রণালয় থেকে এসআরও নম্বর দেওয়ার পর সংশোধিত আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেতে পারে।

তবে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা মনে করেন, ‘নির্বাচনকালীন সময়’ শব্দ দুটি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। কারণ, আরপিওতে ‘নির্বাচনপূর্ব সময়’ ব্যবহার করা হয়েছে। 

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, এতে অর্থগত কোনো পরিবর্তন আসবে না। সে জন্যই কমিশন এই পরিবর্তন বহাল রেখেছে। 

কমিশন সচিবালয় সূত্র জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্বাচন করার কথা ছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহে। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর কমিশনের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছে। কমিশন এখন জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা শুক্রবার বাদ দিয়ে দ্বিতীয় সপ্তাহের শুরুতে নির্বাচন করতে চায়। সে ক্ষেত্রে আগামী সপ্তাহের শুরুতে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। কর্মকর্তারা জানান, আকস্মিক কর্মপরিকল্পনা পরিবর্তনের কারণে তফসিল ঘোষণার আগের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে গিয়ে কমিশন সচিবালয়ে কাজের চাপ বেড়ে গেছে।   

কমিশন সচিবালয় সূত্র জানায়, দ্রুত তফসিল ঘোষণা করার জন্য গতকাল বিকেলে তড়িঘড়ি মনোনয়ন ফরম পূরণের নির্দেশিকা এবং নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ছাপার জন্য সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে। মনোনয়ন ফরম পূরণের নির্দেশিকা অন্যবার রঙিন মলাটে ছাপা হয়। এবার সময় কম থাকায় সাদাকালো মলাটে ছাপতে দেওয়া হয়েছে। রোববারের মধ্যে এই নির্দেশিকা কমিশনে পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া আসনভিত্তিক ভোটার তালিকার হিসাব পাঠানোর তাগিদ দিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে।

নির্বাচন পরিচালনা বিধি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ২৫ নভেম্বরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের নামের তালিকা কমিশনে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এ ছাড়া ভোটারপ্রতি প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। কমিশন এবার ভোটারপ্রতি প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করেছে আট টাকা। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটার সংখ্যা যতই হোক, প্রার্থীর নির্বাচনী ব্যয় ২৫ লাখের বেশি হতে পারবে না।

কমিশনের তথ্য অনুযায়ী সারা দেশের ৩০০টি আসনের মধ্যে সর্বোচ্চ দুই লাখ ভোটার রয়েছে ১৩টি আসনে। দুই থেকে আড়াই লাখ ভোটার রয়েছে ৪৪টি আসনে। আড়াই থেকে তিন লাখ ভোটার রয়েছে ৯৬টি আসনে। তিন থেকে সাড়ে তিন লাখ ভোটার রয়েছে ৭৮টি আসনে। বাকি ৬৯টি আসনের ভোটার সংখ্যা সাড়ে তিন লাখের ঊর্ধ্বে।