আচার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার আচার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো: তৃতীয় শ্রেণীর সাদিয়া আক্তার, মুক্তা আক্তার, আরিফুল ইসলাম ও মো. রাসেল; চতুর্থ শ্রেণীর শ্যামলী আক্তার, শাওন হোসেন, মুন্নি আক্তার, রুপা আক্তার ও রত্না আক্তার; প্রথম শ্রেণীর নাঈমা এবং পঞ্চম শ্রেণীর মো. রুবেল। বিদ্যালয় ও হাসপাতাল সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে ওই শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাশে এক ফেরিওয়ালার কাছ থেকে তেঁতুল ও চালতার আচার কিনে খায়। পরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পরপরই তাদের পেটব্যথা এবং বমি হতে থাকে। বিকেলে অসুস্থ শিক্ষার্থীদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।