আচার খেয়ে ১৫ শিশু অসুস্থ
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বামনমোহা গ্রামের ছদ্দু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ শিশু শিক্ষার্থী আচার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিদ্যালয়-সংলগ্ন পাশের একটি দোকান থেকে আচার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। এসব শিশুর মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টার দিকে এসব শিশুর চেতনা ফিরে আসে।
এ ঘটনায় মেয়াদোত্তীর্ণ আচার বিক্রি করায় দুজনকে আটক করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ শ্রেণির সনিয়া আক্তার (১০) ও মণি আক্তার (১০), তৃতীয় শ্রেণির ইয়ামিন হোসেন (৯), সিফাত মিয়া (৯), দুর্জয় (৯), নভেল মিয়া (৯), শামিম আহম্মেদ (৯), সুবর্ণা আক্তার (৯), রিমা আক্তার (৯) ও শরিফা আক্তারকে (৯) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বিদ্যালয়ের শিক্ষক ও অসুস্থ শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে দ্বিতীয় শিফটের ক্লাস শুরুর আগে শিশুরা বিদ্যালয়ের পাশের দোকানি ও বাবনমোহা গ্রামের বাসিন্দা বাবুল হকের দোকান থেকে দুই টাকা দামের বরইয়ের বার্মিজ আচার কিনে খায়। পরে তারা আবার নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে আসে। একটু পরেই শিক্ষক ক্লাস নিতে আসেন। তখন কয়েকজন শিক্ষার্থী তাদের শরীর খারাপ লাগছে বলে জানায়। এর পরপরই জ্ঞান হারিয়ে ফেলে শিশুরা। অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষকেরা তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।
বিকেল চারটার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, মহিলা ওয়ার্ডের মেঝেতে বেশ কয়েকজন সেবিকা ওই শিশুদের চিকিৎসা দিচ্ছেন। আর অভিভাবক ও শিক্ষকেরা উদ্বিগ্ন সময় পার করছেন। এ সময় অসুস্থ শিক্ষার্থী সনিয়ার বাবা শহিদ মিয়া ও মণি আক্তারের বাবা রফিকুল মিয়া বলেন, চার ঘণ্টার বেশি সময় ধরে এই ১০ বাচ্চা অজ্ঞান।
কর্তব্যরত এক সেবিকা জয়শ্রী সরকার বলেন, তাদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক দেখছেন। হাসপাতালে শয্যার চেয়ে এরই মধে৵ দ্বিগুণ রোগী ভর্তি থাকায় এসব শিশুকে বাধ্য হয়ে প্রথম দিকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হয়। বিকেলে তাদের শয্যায় তোলা হয়।
হাসপাতালে আসা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, ‘শিশুরা আমাকে জানিয়েছে, তারা বার্মিজ বরইয়ের আচার খেয়েছিল। এই আচারগুলোর গায়ে মেয়াদ-সম্পর্কিত কোনো তারিখ নেই।’
জরুরি বিভাগের চিকিৎসক আল মামুন সন্ধ্যা ছয়টায় বলেন, ‘খাদ্যের বিষক্রিয়া থেকে এই শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়ের কোনো কারণ নেই। সবার সংজ্ঞা ফিরে এসেছে।’
নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, বিদ্যালয়ের পাশের দোকানদার বাবুল হক ও যে দোকান থেকে আচারগুলো পাইকারিতে কিনে আনা হয়েছিল, সেই চল্লিশা বাজারের ব্যবসায়ী কাশেম মিয়াকে পুলিশ আটক করেছে।