আচার খেয়ে ১৬ শিশু অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়িতে ফেরিওয়ালার কাছ থেকে কেনা আচার খেয়ে গতকাল বৃহস্পতিবার একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ফেরিওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ি পৌর এলাকার কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে গতকাল সকালে ফেরিওয়ালার কাছ থেকে তেঁতুলের আচার ও পাপড় ভাজা কিনে খায়। এরপর সমাবেশ (অ্যাসেম্বলি) করার সময় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আকাশ মাথা ঘুরে পড়ে যায়। তারপর আরও কয়েকজন শিশু মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে থাকে। তাদের একে একে গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই উপসর্গ দেখা দেওয়ায় একে একে ১৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ ইসহাক বলেন, ১৬ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা বলছিল, মাথা ঘুরছে, পেট ব্যথা করছে, বুক ধড়ফড় করছে। তারা ফেরিওয়ালার কাছ থেকে কেনা তেঁতুলের আচার ও পাপড়ভাজা খেয়েছিল। তিনি বলেন, বাচ্চাদের সবাইকে স্যালাইন ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিলে তারা সুস্থ হতে থাকে। ধারণা করা হচ্ছে, বাচ্চাদের খাদ্যে হালকা মাত্রার বিষক্রিয়া হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন, স্থানীয় ফেরিওয়ালা হালিমা খাতুনকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।