জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতিকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। এ ছাড়া সংকট নিরসনে তৃতীয় পক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোনো উপাচার্য বা আচার্যের মনোনীত কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সমিতি। তবে এই বিষয়ে উপাচার্যকে প্রস্তাব দিতে হবে।বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে গতকাল সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় উপাচার্যের চিঠির জবাব দেওয়া ও প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।তবে সমিতির ওই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে সাধারণ শিক্ষক পর্ষদের মুখপাত্র অধ্যাপক আহমেদ রেজা বলেছেন, তাঁরা সমিতির চলমান আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়া, গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে ‘অনাকাঙ্ক্ষিত’ বক্তব্য প্রদানসহ ১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি। গতকালও একই কর্মসূচি পালন করেছেন সমিতির সদস্যরা।