আছিম বাজারে থানা স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে থানা অথবা উপজেলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে তাঁরা গতকাল বুধবার ময়মনসিংহ শহরে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দেন।
ফুলবাড়িয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দারা গতকাল সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন ও ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেন। বেলা একটায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে স্বাগত বক্তব্য দেন আছিম থানা বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা। লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজিজুর রহমান ইকবাল।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফুলবাড়িয়ার দক্ষিণাঞ্চলের আছিম পাটুলি, ভবানীপুর, এনায়েতপুর, কালাদহ, রাঙামাটিয়া, নওগাঁও ও রাঁধা কানাই এবং ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়ন নিয়ে আছিম বাজারে থানা অথবা প্রশাসনিক উপজেলা প্রতিষ্ঠার দাবি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের। এ এলাকাগুলো লালমাটিময় পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ। প্রশাসনিক কেন্দ্র থেকে দূরবর্তী হওয়ায় মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ নানা সুবিধা থেকে যুগের পর যুগ বঞ্চিত হয়ে আসছে। পাহাড়ি দুর্গম এলাকায় হওয়ায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আনতে থানা অথবা উপজেলা প্রয়োজন। উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরের আছিম বাজারকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা পরিচালিত হয়। এ কারণে এখানে থানা দরকার।