আছে ইরাকি লেবু, মিষ্টি জলপাই, লাল কলা...

আছে আঙুর-পেয়ারা, আমেরিকান সুন্দরী (আম), রামবুটান, আফ্রিকান ড্রাগন, ইরাকি লেবু, মাল্টা, পিচ ফল, ১২ মাসি চায়না ড্রপ, মিষ্টি তেঁতুল, মিষ্টি জলপাই, মালয়েশিয়ার পামওয়েল, দুই বছরেই ফল দেওয়া চীনা নারকেলের মতো নতুন ধরনের নানা প্রজাতির গাছ। লাল কলা, ট্যাং ফল, মাল্টা, তিন রঙের জামরুল, শরিফা, সফেদার গাছও আছে। এগুলোর পাশাপাশি আম, লিচু, করমচা, কামরাঙা, আমড়া, কাজী পেয়ারা, বরই তো আছেই।

মো. আইয়ুব আলী নিজের বাড়ির আঙিনায় লাগানো একেকটি গাছের কাছে নিয়ে যাচ্ছিলেন আর গাছের নাম বলে দিচ্ছিলেন। শুধু আঙিনাতেই আছে ১০০-এর বেশি দেশি ও বিদেশি ফলের গাছ। বাড়িতে ফুলের গাছও আছে অনেক।

৫২ শতাংশ জায়গায় নিজেদের থাকার ঘরটুকু ছাড়া আইয়ুব আলীর বাড়ির চারপাশে ফাঁকা জায়গা কমই আছে। তিনি জানালেন, এগুলো সব ‘মা’ গাছ। মা গাছ থেকে চারা তৈরি করেন। আর মা গাছের ফল কখনোই বিক্রি করা হয় না। নিজেরা খান। আর বাড়িতে অতিথি এলে প্লেটে ফল সাজিয়ে লবণ ও মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে তা অতিথির সামনে হাজির করা হয়। ফল খাওয়ার আমন্ত্রণ জানান পাড়াপড়শীদের। এলাকায় একসময় তাঁকে অনেকেই ‘পাগলা’ ডাকতেন। এখন তাঁর পরিচিতি সফল ফল চাষি হিসেবে। স্থানীয় পর্যায়ে এ পর্যন্ত জুটেছে নানান পদক। জাতীয় পদক পাওয়ার জন্য আবেদন করেছেন তিনি।

গত ৩১ জুলাই ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গ্রামে আইয়ুব আলীর বাড়িতে গেলে আমড়া, করমচা, পেয়ারা, আঙুর-পেয়ারা, কামরাঙা, আনারস আর আম দিয়ে প্রথমেই চলে আপ্যায়নপর্ব। গাছের নিচে টেবিলের পাশে দাঁড়িয়ে প্রতিবেদকদের কাছে ফলের গুণাগুণের বর্ণনা দিচ্ছিলেন নিজেই। বললেন, ‘আঙুর-পেয়ারার স্বাদ হলো, কামড় দিলে একবার মনে হবে পেয়ারা খাচ্ছেন, আবার মনে হবে আঙুর খাচ্ছেন।’ খেতে গিয়ে তাঁর কথার সত্যতা পাওয়া গেল।

ফল নিয়ে তাঁর পাগলামি শুধু বাড়ির আঙিনাতেই। তবে তিনি বাণিজ্যিক উদ্দেশ্যেও ফল চাষ করছেন। চার একর জায়গায় করেছেন আম আর লিচুর বাগান। এ বাগানের ভেতরে করেছেন বিভিন্ন সাথি ফসল। দুই একর জায়গায় করেছেন নার্সারি, এখান থেকে চারা বিক্রি করেন। কীটনাশক, টিউবওয়েলের যন্ত্রাংশসহ বিভিন্ন জিনিসের একটি দোকানও আছে। এলাকার কৃষকদের কীটনাশক কেনা ও পাশাপাশি তার সঠিক ব্যবহার জানতে এ দোকানই ভরসা। মুরগির খামারেরও মালিক তিনি। ২০০৬ সাল থেকে তিনি ফল চাষ শুরু করেন। হাতেকলমে শিক্ষা না নিয়ে পরীক্ষামূলকভাবেই নেমে পড়েন এ কাজে।

আইয়ুব আলী বললেন, ‘শুরুতে আমাকে অনেকেই পাগলা ডাকতেন। পরীক্ষামূলকভাবে কোনো গাছ লাগালে তা প্রকাশ্যে না লাগিয়ে অন্য গাছের আড়ালে করতাম যাতে কারও চোখে না পড়ে। ফলের চাষ করে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি হচ্ছে অর্থের জোগান। ফরমালিন দেওয়া বাজারের ফল খেতে হচ্ছে না। মেডিসিন মেশানো বাজারের একটি আপেল খাওয়ার চেয়ে নিজের গাছের টক বরই খাওয়া অনেক পুষ্টিকর।’
মা গাছের ফল বিক্রি না করার কারণ হিসেবে জানালেন, এলাকায় মানুষের মধ্যে ফলের গাছ লাগানো বা ফল খাওয়ার ব্যাপারে তেমন কোনো উৎসাহ ছিল না। এখন মানুষ বুঝতে শিখেছে বিভিন্ন ফল আবাদ করা সম্ভব এবং সবাইকে নিয়েই তা খাওয়া যায়। মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে। এখন এলাকার প্রায় প্রতি বাড়িতেই ফলের গাছ চোখে পড়বে।
আইয়ুব আলীর দুই মেয়ে ও এক ছেলে। তিনি দাখিল পাস করেছেন। স্ত্রী কল্পনা আক্তারও গাছগাছালির যত্ন নেন। আইয়ুব আলীর ভাষায়, স্ত্রী অনেক বেশি শ্রম দেন।

দুই শর বেশি সদস্য নিয়ে গঠিত বাংলাদেশ ফার্মার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য আইয়ুব আলী। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সন্তোষপুর কৃষক মাঠ স্কুলের সভাপতিও তিনি। আইয়ুব আলীসহ এ স্কুলের শিক্ষার্থী ২৬ জন। সপ্তাহে এক দিন ক্লাস হয়। ক্লাসে অধিদপ্তর থেকে কৃষিবিষয়ক কর্মকর্তারা এসে ক্লাস নেন। উপস্থিতির জন্য ভাতা হিসাবে কৃষকেরা ৭০ টাকা করে পান। আইয়ুব আলীও ভাতাপ্রাপ্ত একজন শিক্ষার্থী।
কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থী হলেও আইয়ুব আলীর প্রাপ্তি, অধিদপ্তর থেকে আসা শিক্ষকেরা অনেক সময় বলেন, ‘আমাদের চেয়ে আপনি-ই তো ভালো জানেন।’