রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক বছর আগে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করার পরও ওয়ার্ড থেকে ওষুধ, কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিস চুরি যাওয়ার ঘটনা ঘটছে।
কয়েকজন রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, হাসপাতালে চিকিৎসা করাতে এসে নানা বিড়ম্বনা তো আছেই, সেই সঙ্গে রাত জেগে পাহারা দিতে হচ্ছে ওষুধপত্রসহ অন্য মালামাল। কারণ, প্রায় প্রতিদিনই এসব চুরি হচ্ছে।
গত শনিবার ১ নম্বর ওয়ার্ডে এক রোগীর স্বজন মমিনুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে রোগীর বিছানার নিচোত গুমাইছিলাম। গুম থেকে উঠে দেখি, কিছু ওষুধ নাই। আবার এই ওষুধ কিনি আনতে মেলা টাকা লাগছে।’ ওই ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবিকা জানান, এগুলো তাঁদের দেখার বিষয় নয়। তবে প্রায়ই এমন ঘটনা ঘটছে।
১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, গত বৃহস্পতিবার তাঁর কিছু ওষুধ চুরি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে এক ব্যক্তির স্যান্ডেল চুরি হয়েছে। পরবর্তী সময়ে তা উদ্ধার করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগ থেকে গত মে মাসের শেষ সপ্তাহে ২৫টি বৈদ্যুতিক পাখা চুরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কোনো মামলা দায়ের করেনি।
হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা কর্মচারী হালিয়ার রহমানকে আহ্বায়ক করে গত ২৯ জুন আট সদস্যের একটি পরিদর্শক দল গঠন করেছেন। হালিয়ার রহমান বলেন, এসব চুরির ঘটনায় একটি চক্র জড়িত।
হাসপাতালের পরিচালক বলেন, সম্প্রতি ১২ জন চোরকে ধরা হয়েছে। এতগুলো সিসি ক্যামেরা স্থাপন করার পরও চুরি রোধ করা সম্ভব হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে আমি অসহায়। তবে আমরা চেষ্টা করছি।’