আছেন আমাদের নিতাই স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট বা কোচিংয়ে পড়ে না—এমন শিক্ষার্থী এখন খুঁজে পাওয়া দায়। ক্লাসবিমুখ শিক্ষার্থীরা ভালো ফলের আশায় নিজেকে সঁপে দেয় গৃহশিক্ষকের কাছে। শিক্ষকেরাও দিনরাত ব্যাচের পর ব্যাচ ছাত্র পড়িয়ে যান। সারা দেশে শিক্ষাব্যবস্থার চিত্র এখন অনেকটাই এমন। তবে ব্যতিক্রমও আছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে নিরন্তর কাজ করে চলেছেন রাজশাহীর একজন শিক্ষক। পড়ানোকে দায় নয়, আনন্দদায়ক করে তুলেছেন তিনি। নিয়মিত ক্লাসের পরীক্ষা নেন। সময়মতো ক্লাসে উপস্থিত থাকেন। প্রণোদনা হিসেবে শিক্ষার্থীদের দেন পুরস্কার। এতে ফলও মিলেছে ভালো।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যারা ভালো করতে পারেনি, স্নাতকে (সম্মান) এসে তারা আশানুরূপ ফল করছে। শিক্ষার্থীদের দাবি, এই কৃতিত্বের প্রায় পুরোটা ওই শিক্ষকের পাওনা। ঝড়বৃষ্টি যা-ই থাক, শিক্ষার্থীরা তাঁর ক্লাসে যাবেই যাবে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করে তোলার পেছনের সেই নায়ক হলেন রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নিতাই কুমার সাহা (৩৮)। তাঁর নিরন্তর চেষ্টায় উদ্বুদ্ধ হয়ে কলেজের বিভিন্ন বিভাগ এখন তাঁকে অনুসরণ করছে।কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, ২০০৫ সালের মার্চে শিক্ষক নিতাই কুমার সাহা কলেজে যোগ দেন। তখন যে ব্যাচটি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ছিল, সেই ব্যাচে ১২০ জন শিক্ষার্থী ছিল। তারা দ্বিতীয় বর্ষে ওঠার সময় সাতজন প্রথম শ্রেণী পায়। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে ওঠার সময় ৩০ জন প্রথম শ্রেণী পায়। এদের অনেকেরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগ ছিল না।শিক্ষক নিতাই কুমার সাহা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নিজের তৈরি বিশেষ একটি ক্যালেন্ডার ধরিয়ে দেন। সারা বছর কয়টি টিউটোরিয়াল নেওয়া হবে, কয়টি ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, কয়টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কয়টি সাক্ষাৎকার, কয়টি উপস্থাপনা থাকবে—এর সবই ক্যালেন্ডারে উল্লেখ থাকে। এর প্রতিটির পাশে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ঘর থাকে। সারা বছর এসব বিষয়ে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীরাই ওই ঘরে পূরণ করে। মোট ৩০০ নম্বরের মূল্যায়ন শেষে নিতাই স্যার তাতে স্বাক্ষর করে দেন। তারপর তাতে অভিভাবকদের স্বাক্ষর নিয়ে আসতে হয়। প্রাপ্ত সেই নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের চার ধরনের পুরস্কার দেওয়া হয়। নিতাই স্যার পুরস্কারগুলোর নাম রেখেছেন—প্রিন্সিপাল অ্যাওয়ার্ড, ভাইস প্রিন্সিপাল অ্যাওয়ার্ড, ডিপার্টমেন্টাল হেড অ্যাওয়ার্ড ও ক্লাস টিচার অ্যাওয়ার্ড।প্রতিবছর এই পুরস্কার প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া এক থেকে তিন মাস অন্তর ক্লাসে উপস্থিতির হার নির্ণয় করা হয়। শিক্ষক নিতাই কুমার সাহা বলেন, ‘পুরস্কার তাদের ছোটখাটোই দেওয়া হয়। কিন্তু এতে তারা দারুণ উৎসাহিত হয়। সব শিক্ষার্থীর মধ্যে যখন তাদের নাম ঘোষণা করা হয়, তখন তারা খুব সম্মানিত বোধ করে।’ তিনি আরও বলেন, ‘এই পেশায় এসেছি ভালোবেসে। এ জন্য ছাত্রদের যতটা দেওয়া সম্ভব, তার সবটুকুই দিতে চাই। এই দেওয়ার ইচ্ছেটা একেবারে ভেতর থেকেই আসতে হবে।’শিক্ষক নিতাই কুমার সাহার বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। ১১ বছরের শিক্ষকতা জীবনে এক মিনিটও দেরি করে ক্লাসে আসেননি তিনি। ঢাকায় বেসরকারি সলিমুল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু। পরে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কলেজে চাকরি নেন। যোগ দেন সিলেট এমসি কলেজে। সেখানে এক মাস চাকরি করার পর বদলি হয়ে আসেন কুড়িগ্রাম সরকারি কলেজে। সেখানে এক বছর সাত মাস চাকরির পর রাজশাহী কলেজে বদলি হয়ে আসেন। ছাত্রজীবনেও নিতাই কুমার সাহা ছিলেন অনন্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হন। বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রথম হন। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার বলেন, ‘দ্বিতীয় বর্ষে পড়ার সময় একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেদিন নিতাই স্যারের ক্লাস-পরীক্ষা ছিল। কলেজে যাব কি না, ভাবছি। বৃষ্টি মাথায় করে কলেজে গিয়ে দেখি, আমি ছাড়া সবাই উপস্থিত।’ একই বর্ষের শিক্ষার্থী হাসিনা খাতুন বলেন, ‘শুধু আমি নই, কেউ নিতাই স্যারের ক্লাস মিস করে না। স্যারের ক্লাসেই পড়া তৈরি হয়ে যায়। বাসায় গিয়ে আলাদা করে তেমন খাটুনি লাগে না।’রাজশাহী কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদ বলেন, নিতাই কুমার সাহা শিক্ষকতা পেশাকে চাকরি হিসেবে নয়, ব্রত হিসেবে নিয়েছেন। তিনি নিষ্ঠাবান, উৎসাহী ও সৃজনশীল শিক্ষক। তাঁকেই এখন কলেজের বিভিন্ন বিভাগে অনুসরণ করা হচ্ছে।