আজ অধ্যাপক কবীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী
বাংলাদেশের অনুবাদ সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক কবীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর।২০১১ সালের এই দিনে গভীর রাতে ঘুমের ভেতর মারা যান কবীর চৌধুরী। সেদিন ভোরে নির্ধারিত সময়ে যখন তিনি আর জাগছেন না, তখন তাঁর ঘুম ভাঙাতে গিয়ে স্বজনেরা বুঝতে পারেন, নিদ্রা থেকে চিরনিদ্রায় চলে গেছেন তিনি। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত করা হয় তাঁকে। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দেওয়া ছাড়া অন্য কোনো কর্মসূচি নেওয়া হয়নি বলে জানান ভগ্নিপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বাংলা একাডেমীও আজ কোনো কর্মসূচি নেয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা। কবীর চৌধুরী ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি থেকে আমৃত্যু বাংলা একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঘাতক দালাল নির্মূল কমিটি, থিয়েটার, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র ট্রাস্ট, থিয়েটার, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব পর্যায়ে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় আড়াই শ।