বৃহস্পতির অবস্থান দাম্পত্য সুখের কেন্দ্রে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ শুভ—বছরের শুরুতে এমন রাশিফল দেখে আপ্লুত বকুল। মনের ভেতর বসন্ত জাগিয়ে অপেক্ষায় আছেন শুভ দিনের। তিনি জানেন, কোকিলের কুহু কেবল ফাল্গুনে নয়, অপেক্ষা করলে অন্য সময়ও শোনা যায়। বিয়ের আট বছর পর প্রেম যে আগের মতো নেই, তা নয়। আসলে ব্যস্ততা আর এই মারি ও মড়কের অস্থিরতায় চমকে দেওয়ার মতো ঘটনা নেই বললে চলে অলি ও বকুল (ছদ্মনাম) দম্পতির জীবনে। তাই এবার অলিকে চমকে দিতে চান বকুল। রোজকার প্রেম পেরিয়ে পুরোনো প্রেম-স্মৃতির ঝাঁপি খুলতে চান একান্তে।
এই দম্পতির মতো যাঁরা ব্যস্ততার মধে৵ও এমন একটি দিন কাটাতে চান, চমকে দিতে চান সঙ্গীকে, তাঁদের জন্য আছে স্পাউস ডে। ভালোবাসা দিবসের মতো হলেও দিবসটি বিশেষভাবে দম্পতিদের জন্য নিবেদিত। তবে প্রেমিক-প্রেমিকারাও দিনটি উদ্যাপন করেন। ২৬ জানুয়ারি স্পাউস ডে, আজ তাই অন্য বসন্তের দিন।
মেঘদূত-এর রামগিরি পর্বতে নির্বাসিত কান্তাবিরহী যক্ষের কথা মনে আছে? ঐশ্বর্যের দেবতা কুবেরের পূজার ফুল তোলার দায়িত্ব ছিল তার। প্রেমিকার সঙ্গ ছাড়তে না পেরে দায়িত্বে অবহেলা করে যক্ষ। এ অপরাধে কুবের তাকে নির্বাসনে পাঠান। রামগিরিতে নির্বাসনে থেকে প্রেমিকার বিরহে কাতর যক্ষ। এমন সময় আষাঢ়ের প্রথম দিন পাহাড়ের দিকে সঞ্চারিত মেঘরাশি দেখে অলকানগরীতে থাকা প্রেমিকার কথা মনে পড়ে তার। সে জানে, এই মেঘ ভেসে যাবে অলকায়, যাবে প্রেমিকার দৃষ্টিসীমায়। তাই মেঘকে দূত হিসেবে প্রেমিকার কাছে প্রেমবার্তা পাঠানোর মনস্থির করে যক্ষ। প্রেমিকার কাছে বার্তা পাঠাতে যক্ষের অছিলা ছিল মেঘ। আর বিয়ে-পরবর্তী সময়ে পুরোনো প্রেম-স্মৃতির কাছে ফেরার অছিলা হতে পারে স্পাউস ডে।
২
স্পাউস ডে বাংলাদেশে সেভাবে উদ্যাপিত না হলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে জাতীয়ভাবে উদ্যাপিত হয়। দিবসটির সূচনা কবে, সে ইতিহাস এখনো অজানা। অনেকের ধারণা, ১৯৮৪ সালে মার্কিন সেনাবাহিনীতে ‘মিলিটারি স্পাউস ডে’ চালু হয়। সেখান থেকে এই ধারণার উৎপত্তি। যুক্তরাষ্ট্রে দিবসটি ২০০০ সালের দিকে জনপ্রিয়তা পায়। এ ছাড়া অনেক দেশেই দিবসটি উদ্যাপন করা হয়। অনেক প্রতিষ্ঠান সঙ্গীর সঙ্গে দিবসটি কাটাতে কর্মীদের ছুটি নিতেও উৎসাহিত করে।
বর্তমানে বিশেষ দিবসে ফেসবুকে ট্যাগ করে কিছু লিখে শুভেচ্ছা জানানোর প্রচলন এ দেশেও শুরু হয়েছে। স্পাউস ডে অনেকটা এ ধরনের। এদিন সঙ্গীদের ধন্যবাদ দেওয়ার দিন। বিশেষ দিবসে সঙ্গীদের উপহার দেওয়ার বিষয় থাকলেও স্পাউস ডেতে তা একদম নেই। এই দিবসের উপহার হলো সঙ্গীকে একান্তে সময় দেওয়া। একজনের চোখের ভেতর আরেকজনের মুখ দেখা। অনেক সময় সঙ্গীদের মান-অভিমান হয়, দূরে গেলেই তাঁর জন্য মন আনচান করে। এদিন এমন সঙ্গীকে একান্তে সময় দিয়ে পুরোনো গল্পে ফিরে মানভঞ্জন করা যেতে পারে। সম্পর্কে জমে থাকা ধুলাবালু ঝেড়ে বুনে দেওয়া যেতে পারে ধুনের সুর।
৩
বৈজ্ঞানিক গবেষণার বরাত দিয়ে ন্যাশনাল টুডের প্রতিবেদনে বলা হয়, একান্তে সঙ্গীর হাত ২০ মিনিট ধরে রাখলে বা তাঁকে জড়িয়ে ধরলে যে হরমোন নিঃসরণ হয়, তাতে দুজনেরই মানসিক চাপ কমে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান দম্পতিদের নিয়ে জরিপ চালায়। মিলেনিয়াল মার্কেটিং এজেন্সির ১ হাজার ৩৫ মার্কিন দম্পতির ওপর চালানো জরিপে অনেকেই বলেন, প্রতিনিয়ত ব্যস্ততা বেড়ে যাচ্ছে। তাই নতুন বছরের শুরুতে এমন একটি দিন সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে বেশ কার্যকর। ৪০ শতাংশ দম্পতি বলেন, জীবনসঙ্গী সব কথায় কান দেন না। ১৯ শতাংশের কথা, তিনি যখন-তখন নাক খোঁটেন; কেউ কেউ বলেন, তিনি সংসারের প্রতি উদাসীন; সঙ্গী প্রতিবছর বিবাহবার্ষিকীর দিন ভুলে যান। জরিপে ভিন্ন তথ্যও এসেছে। যেমন ৫৬ শতাংশ বলেন, তিনি আমাকে হাসিখুশি রাখেন। কেউ কেউ বলেন, তিনি সংসারের প্রতি যত্নশীল; ভ্যালেন্টাইনস ডে দারুণভাবে উদ্যাপন করি; একসঙ্গে ঘরের কাজ সামলাই; সঙ্গীকে ভালোবাসি, কিন্তু প্রেম উপভোগ করার জন্য মাঝেমধে৵ সঙ্গীহীন থাকার ইচ্ছা হয়।
৪
স্পাউস ডে উদ্যাপনের নিয়মের সবই বিশেষ দিনগুলোতে সব দেশের মানুষ করে থাকেন। এই দিন কেবল তা আলাদা গুরুত্ব দিয়ে করা। যেমন প্রেমবার্তা দিয়ে সঙ্গীকে মেসেজ পাঠানো, অনলাইনে খাবারের অর্ডার করা। যেখানে দুজনের প্রথম দেখা হয়েছিল, সেখানে যাওয়া যেতে পারে। সেখানে গিয়ে কে প্রথম চুপ করে ছিলেন, কে আঙুল ছুঁয়েছিলেন, ‘ভালোবাসি’ প্রথম কে বলেছিলেন—এসব স্মৃতি মনে করে খিলখিল করে হেসে উঠতে পারেন। আসলে ওই স্মৃতির ভেতর দিয়ে দুজনের একসঙ্গে পুরোনো দিনগুলোতে ফিরে যাওয়া যাবে। নতুন করে আবিষ্কার করা যাবে ফেলে আসা প্রেম-প্রেমের শিহরণ।
সঙ্গীর পছন্দের খাবার রান্না করে চমকে দিতে পারেন। রান্না না জানলেও বই বা ইউটিউব দেখে কাজটা আজ করেই দেখুন, কেমন চমকে ওঠেন তিনি! বাসায় যাঁদের টেবিলে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ মেলে না, তাঁদের আজ একসঙ্গে বসে খাওয়ার দিন।
এ দেশেও দিবসটির উদ্যাপন হয়তো শুরু হয়ে যাবে। তার আগে করোনা মহামারি কেটে যাক। কারণ, করোনায় সামাজিক-শারীরিক দূরত্বের যে ধারণা, তা তো একধরনের বিচ্ছেদের ধারণা। এই দূরত্ব ও বিচ্ছেদ পেরিয়ে অলির কথা শুনে খিলখিল করে হেসে উঠুক বকুল। অন্য সঙ্গীরাও ফিরে যাক নিজস্ব প্রেমার্তির কাছে। তাঁদের সম্পর্কের ওপর ছড়িয়ে পড়ুক কেয়া ফুলের দ্যুতি।