আজ অফিস করেছেন স্বাস্থ্যমন্ত্রী

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবারই প্রথম আলোয় ‘স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় মন্ত্রণালয়ে খবর আসে মন্ত্রী আসছেন। এর পরই সক্রিয় হয়ে ওঠেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমর্কতারা। প্রাণচাঞ্চল্য ফিরে আসে মন্ত্রণালয়ে। নথিপত্র নিয়ে ছোটাছুটি শুরু হয়। দুপুর ১২টার কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ে আসেন মন্ত্রী।
পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে করোনার এই দুঃসময়ে কাজ করতে কেবল সচিবালয়ে এসে বসে থাকাই মন্ত্রীর একমাত্র কাজ নয়। বরং দেশের কোন হাসপাতালে কী কাজ হচ্ছে, মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে কি না, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কোনো সমস্যা হচ্ছে কি না—এগুলো দেখভাল করে ও খোঁজ নিয়ে যথার্থ উদ্যোগ নেওয়াটাই এখন আসল কাজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এত কিছুর পরও স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলেছেন।
আরও পড়ুন: