আজ আ.লীগের নেতা আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক পানিসম্পদমন্ত্রী ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সাংসদ আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ ডিসেম্বর রোববার।এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের সমাধিতে তাঁর পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে মরহুমের গুলশানের বাসভবনে। এ ছাড়া আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে ২৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্মরণসভা হবে।এদিকে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর নিজ জেলা শরীয়তপুরের ৬৪টি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কাল সোমবার জেলা আওয়ামী লীগ শিল্পকলা একাডেমীর মাঠে স্মরণসভা করবে।মরহুমের ছেলে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক বাবার জন্য শরীয়তপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আব্দুর রাজ্জাক গত বছরের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মারা যান।