আজ আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটির আত্মপ্রকাশ ঘটেছিল। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিস্তার ঘটে।প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। ১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে সাফল্যের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ রায় দেয়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। আবার দীর্ঘ ২১ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে পরাজয় এবং ২০০৭-এর ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে দলটি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসে।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, জনগণের প্রাণের সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী অপশক্তি জনগণের এই উন্নয়নকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’কর্মসূচি ঃ ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোরে দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে সাতটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতি হিসেবে বক্তৃতা করবেন। বেলা চারটায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় দলের বর্ষপূর্তি পালন করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব নেতা, কর্মী ও সমর্থকের প্রতি আহ্বান জানিয়েছেন।