আজ আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটির আত্মপ্রকাশ ঘটেছিল। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিস্তৃতি ঘটে।প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আওয়ামী লীগ। ১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে সাফল্যের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জনগণের নিরঙ্কুশ রায় পায়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। আবার দীর্ঘ ২১ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক বাণীতে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষুধা-দারিদ্র্য-সন্ত্রাস-দুর্নীতি-নিরক্ষরতামুক্ত সমৃদ্ধ শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী একটি রাষ্ট্র বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।কর্মসূচি: কেন্দ্রীয়ভাবে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিকেল সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত গণশোভাযাত্রার কর্মসূচি রয়েছে। ৬৪ বছর পূর্তিতে দলীয় কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আহ্বান জানিয়েছেন।