আজ আখেরি মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইজতেমায় আসা মুসল্লিরা অজু করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার লাখো ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা মাঠে জড়ো হয়েছেন l আশরাফুল আলম
গতকাল ছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইজতেমায় আসা মুসল্লিরা অজু করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার লাখো ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা মাঠে জড়ো হয়েছেন l আশরাফুল আলম

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন গেছে গতকাল শনিবার। এদিন দেশ-বিদেশের লাখো মুসল্লি জিকির-আজকার আর বয়ান শুনে কাটিয়েছেন। ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন সবাই। আজ রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

বয়ান

দ্বিতীয় দিনে দেশ-বিদেশ থেকে আসা মুরব্বিরা তাবলিগের ছয় ওছুলের মধ্যে দাওয়াতে দিনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করেন। বয়ানে তাঁরা বলেন, ‘মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার আমল ছাড়া আখিরাতে খালি হাতে যাওয়া যাবে না। সবাইকে দিনের পথে সময় লাগাতে হবে। আমাদের সবার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন।’

আরও এক মুসল্লির মৃত্যু

ইজতেমা ময়দানে গত শুক্রবার রাতে আরও এক মুসল্লি মারা গেছেন। তাঁর নাম তারা মিয়া (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। এ নিয়ে ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হলো।

আজ আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি দিল্লির মারকাজের শ‌ুরা সদস্য মাওলানা মুহাম্মদ সা’দ বেলা সাড়ে ১১টার দিকে এই মোনাজাত পরিচালনা করবেন।

চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।