জিকির-আসকার আর বয়ান শুনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন কাটিয়েছেন লাখো মুসল্লি। আজ রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
গতকাল শনিবার সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীতে দুর্ভোগ পোহাতে হয়েছে মুসল্লিদের। ভিজে গেছে মুসল্লিদের বিছানা ও জামাকাপড়।
গতকাল সকালেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেকে নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন শিট ও কাপড়ের শামিয়ানা টানিয়ে ইজতেমায় শরিক হয়েছেন।
টঙ্গীর তুরাগতীরে ৯ জানুয়ারি শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয় ১১ জানুয়ারি। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ।
যৌতুকবিহীন বিয়ে: গতকাল ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে ও তাঁর অনুপস্থিতিতে বর এবং কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ বিয়ে। গত শুক্রবার থেকেই শনিবার আসরের নামাজের আগ পর্যন্ত অভিভাবকেরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছুড়ে দেওয়া হয়। ইজতেমায় গতকাল আসরের নামাজের পর ১৩৫ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়।
বৃষ্টির দুর্ভোগ: গতকাল সকাল থেকেই চলছে মুরব্বিদের হেদায়াতি বয়ান। আমবয়ান শুরু করেন ভারতের মাওলানা শওকত হোসেন। তরজমা করেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান।
শনিবার ভোররাতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ কারণে ফজরের নামাজ অনুষ্ঠিত হয় একাধিক জামাতে। থেমে থেমে বৃষ্টি চলে দুপুর পর্যন্ত। তবে মুসল্লিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে সামান্য কষ্ট হলেও ইজতেমায় ইমান, আখলাক ও দীনের বিভিন্ন বয়ান শুনে দিন কাটছে তাঁদের।
কিশোরগঞ্জ সদর এলাকার রিপন হোসেন জানান, রাতে হঠাৎ বৃষ্টির কারণে জামাকাপড় ও প্রয়োজনীয় মালামাল ভিজে গেছে। এ ছাড়া বৃষ্টির কারণে শীত অনেক বেড়েছে। মানিকগঞ্জের ঘিওর এলাকার মুসল্লি আলতাফ হোসেন জানালেন, বৃষ্টি হওয়ায় মাঠে ধুলা কমেছে।
ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, রোববার ১১টা থেকে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। জীবনের সব গুনাহ মাফ চাইতে ও পরকালের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে মোনাজাত করবেন মুসল্লিরা।
আরও তিন মুসল্লির মৃত্যু: ইজতেমা ময়দানে আসা আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বার্ধক্যজনিত রোগে ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে বরিশালের টিকাশ্বর এলাকার আলী আজিম হাওলাদার (৬৪), গতকাল সকাল আটটার দিকে নীলফামারীর পলাশবাড়ী এলাকার গোলাম আজম খান (৫৫) ও সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভোগতারা গ্রামের বশির মিয়া (৫৫)। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হলো।
ভ্রাম্যমাণ আদালত: ইজতেমা মাঠের আশপাশ এলাকায় গত শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাদ্যদ্রব্য আইনে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১৫টি মামলা এবং ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।