আজ আদালতে হাজির করা হচ্ছে ৩৬ রাইফেলের ৩১০ সদস্যকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে বর্তমানে বাহিনীতে কর্মরত ৬৯ জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের মধ্যে যে ২৪১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তাঁদেরসহ সবাইকে আজ মঙ্গলবার আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। বিদ্রোহে অভিযুক্ত ৩৬ রাইফেল ব্যাটালিয়নের ৩১০ সদস্যের বিচার আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ১০টা থেকে বেলা পৌনে একটা পর্যন্ত পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালতের কার্যক্রম চলে। বিশেষ আদালত-৫-এর নেতৃত্ব দেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। আদালতে প্রসিকিউটর হিসেবে বক্তব্য দেন ৩৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিক ইনাম সিদ্দিকী। গতকালের শুনানির শুরুতেই মামলার বাদী নায়েক সুবেদার মো. গিয়াসউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তিনি বলেন, আসামিদের মধ্যে ১০৪ জন ঘটনার দিন দরবার হলে ছিলেন। অন্যরা বাইরে লুটপাট চালিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি এই আদালতেই ঢাকা সেক্টরে (সদর) বিদ্রোহীদের বিচার শুরু হয়। দুই দিন চলার পর ১৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।