আজ আধা বেলা হরতাল সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের চার জেলায় আজ বুধবার জামায়াতে ইসলামীর আধা বেলা হরতাল। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের মুক্তির দাবিতে গত সোমবার সিলেটে সমাবেশ আহ্বান করেছিল জামায়াত। পুলিশ সমাবেশ করতে না দেওয়ায় এ হরতাল আহ্বান করা হয়। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের প্রস্তুতির কথা জানিয়ে মহানগর জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলাম জানান, সিলেটসহ বিভাগের অন্য তিন জেলায় ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল হবে। হরতালের সপক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ও উপজেলাগুলোতে জামায়াত মিছিল করেছে। পুলিশের গাড়ি ভাঙচুর-পোড়ানোর ঘটনায় দুটি মামলা, গ্রেপ্তার ৭: সিলেটের শিবগঞ্জে ও দক্ষিণ সুরমার কদমতলীতে গত সোমবার পুলিশের গাড়ি ভাঙচুর করে পোড়ানোর ঘটনায় নগর জামায়াতের নায়েবে আমির ও এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ৩৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। গতকাল মঙ্গলবার রাতে শাহপরান ও দক্ষিণ সুরমা থানায় মামলা দুটি করা হয়। সোমবার নগরের শিবগঞ্জ ও কদমতলী থেকে আটক জামায়াত-শিবিরের সাতজন কর্মীকে এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।