আজ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ) ‘মাই সয়েল, মাই সোল’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে।
আজ শুক্রবার বিকেল তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম ও ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। উদ্বোধনের পরদিন থেকে প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।
প্রদর্শনী উপলক্ষে সিপিজেএ গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুভাষ কারণ, যুগ্ম সম্পাদক রাজেশ চক্রবর্তী, অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক রবি শংকর, প্রদর্শনী সম্পাদক অনুরূপ কান্তি দাশ, প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীটি পরবর্তী সময়ে কলকাতা, কাঠমান্ডু ও ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে ২২ জন আলোকচিত্র সাংবাদিকের মোট ৪৪টি ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে দেশের নৈসর্গিক সৌন্দর্য, সংস্কৃতি, স্থাপত্য, জীবনযাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্র ফুটে উঠেছে। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামকে তুলে ধরা হবে। এই উপলক্ষে একটি স্মারক প্রকাশ করা হবে।