আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
দুর্নীতিবিরোধী জনসচেতনতা তৈরি এবং জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের ভূমিকা সম্পর্কে সবাইকে জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে আজ ৯ ডিসেম্বর পালন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্য নিয়ে দিনটি পালন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সংস্থাটি। মানববন্ধন শেষে ১০টায় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা হবে।
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’-এ প্রতিপাদ্যে দিনটি পালন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। গতকাল বৃহস্পতিবার সকালে টিআইবির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ‘দুর্জয় তারুণ্য, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’-এ প্রতিপাদ্যে ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যদের মধ্যে অনুপ্রেরণা পুরস্কার দেওয়া হয়। বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা ২০১৬’-এর পুরস্কার ঘোষণা করা হয়।